
রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসা ছেড়ে দিচ্ছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি এই বাসভবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিদায়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল জানান, বাসাটির প্রতি তার গভীর টান তৈরি হয়েছে। তিনি লেখেন, আমরা যখন হেয়ার রোডের এই বাসায় উঠি সবার মন খারাপ হয়ে যায়। বেশি বড় জায়গা, বেশি বড় বাড়ি, এত বড় যে আপন ভাবা যায় না ঠিক।
সরকারি বাসায় ওঠার কারণে তার সন্তানদের মানসিক কষ্টের কথাও উল্লেখ করেন তিনি। আগের বাসস্থান ফুলার রোডে বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা মন খারাপ করেছিল বলে জানান আসিফ নজরুল।
তবে সময়ের সঙ্গে সঙ্গে হেয়ার রোডের বাসভবনের প্রতি সবার মায়া জন্মেছে বলে উল্লেখ করেন তিনি। পোস্টে তিনি লেখেন, দু-একদিনের মধ্যে আমরা চলে যাবো এই বাসা থেকে। আমার মায়া রোগ আছে। এখন দেখি এই বাসাটার জন্যই অনেক মায়া লাগছে। বিশেষ করে ঝোপঝাড়, রোদ ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য।
সবশেষে তিনি লেখেন, বিদায় হেয়ার রোড।
সাবেক অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। পরে ক্রীড়া উপদেষ্টার দায়িত্বও পান আসিফ নজরুল। তফসিল ঘোষণার দিন থেকে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হলে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব তার ওপর ন্যস্ত হয়।