
প্রায় দুই মাসের বন্ধ থাকার পর ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে পুনরায় ভিসা প্রদান শুরু করেছে। এর মাধ্যমে ভারতীয় নাগরিকরা আবারও বাংলাদেশে যাতায়াতের জন্য আবেদন করতে পারবেন। তথ্যটি জানিয়েছে ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র তিন দিনের মধ্যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাংলাদেশ হাই কমিশনের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা সেবা শুরু হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে।
ভিসা কার্যক্রম বন্ধ থাকার পেছনে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির কারণ ছিল ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি-এর মৃত্যুকে ঘিরে উত্তেজনা। ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর আসার পর ঢাকায় দুটি পত্রিকা অফিস ও ছায়ানট ভবনে হামলা হয়। একই রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ হয় এবং মিশনে ঢিলও ছোঁড়া হয়।
ফলে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) কার্যক্রম স্থগিত করা হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশও দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখে।
নির্বাচনে বিএনপির জয়ের পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানান। পরে পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর মোদী টেলিফোনে তাকে অভিনন্দন জানান এবং সমর্থন প্রকাশ করেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ জানানো হয়, যদিও ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এর কারণে তিনি আসতে না পারলেও, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ অনুষ্ঠানে প্রতিনিধি হিসেবে যোগ দেন।
এর আগে বৃহস্পতিবার সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস সাংবাদিকদের জানান, শিগগিরই সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। তার এই ঘোষণার পরপরই দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভিসা ও কনস্যুলার সেবায় কার্যক্রম পুনরায় শুরু করে।