
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামীদিনগুলোতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কার্যক্রমে নাগরিক সমাজের প্রতিনিধিদের আরো বেশি সম্পৃক্ত করা হবে। সেজন্য ওয়ার্ড প্রতি এক বা একাধিক নাগরিক কমিটি করে দিবো। তারা এটি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন হয় ,কোন অনিয়ম না হয় সেটি নিশ্চিত করবেন।
শনিবার বিকালে সিলেটের লাক্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, টিসিবির পণ্য সরবারহ একটি সার্ভিস, এটা যেন জন আকাংখার সাথে সঙ্গতিপূর্ণ হয় সেটা আমরা নিশ্চিত করবো।
পরিদর্শনকালে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ,মহানগর বিএনপি এর নেতা রেজাউল হাসান কয়েস লোদি, নাসিম হোসেন ও এমদাদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , পবিত্র রমজান উপলক্ষে সরকার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে। এ কার্যক্রমে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর পাওয়া যাবে। ঢাকার ৫০টি, চট্টগ্রামের ২০টি ও সাতটি বিভাগীয় এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। অবশিষ্ট ৫৫ জেলায় পাঁচটি করে ট্রাকে এসব পণ্য বিক্রি হচ্ছে।আগামী ১২ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে।
ভ্রাম্যমাণ ট্রাকে একজন ভোক্তাকে সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা ও বরাদ্দ সাপেক্ষে এক-দুই কেজি খেজুর দেওয়া হচ্ছে।
রোজায় ছোলা প্রতি কেজি ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি ৮০ টাকা ও মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।