
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা অন্য কোনো আন্দোলন বা সংগ্রামের সঙ্গে এক করে দেখার চেষ্টা করা ঠিক হবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। সভায় মন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগও প্রকাশ করেন।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনার অতিরিক্ত অপব্যবহার হয়েছে, যার ফলে নতুন প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারছে না। তারা জানে না মুক্তিযোদ্ধারা কী অসীম ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন।”
মন্ত্রী আরও উল্লেখ করেন, “মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি, এটি আমাদের চেতনায় সর্বদা থাকা উচিত।”
সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই, ইতিহাস সংরক্ষণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।