
পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় প্রতিবেশী আফগানিস্তানে ৮০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছেন, আর আরও কয়েক ডজন আহত হয়েছে। রোববার পাকিস্তানের সামরিক সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।
ইসলামাবাদের নিরাপত্তা সূত্র জানায়, রাতভর চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পাকিস্তানের দাবি, এটি আফগানিস্তান-ভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে পরিচালিত হামলা, যা গত কয়েক সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে।
তবে এএফপি জানায়, হামলায় হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, ভোরের দিকে নানগরহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে জঙ্গিদের ঘাঁটিকে নিশানা করে বিমান হামলা চালানো হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, ‘ফিতনা আল-খাওয়ারিজের’ অন্তত ৮০ সদস্য নিহত হয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা সতর্ক করেছেন।
পাকিস্তানের সূত্রে জানা যায়, বিমান হামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) সংযুক্ত সাতটি ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে—নানগরহারের নিউ সেন্টার নম্বর–১ ও ২, খোস্তের মোলভি আব্বাস সেন্টার, নানগরহারের ইসলাম সেন্টার ও ইব্রাহিম সেন্টার, পাকতিকার মোল্লা রাহবার সেন্টার এবং মুখলিস ইয়ার সেন্টার।
পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছেন, সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের উপস্থিতি ও কার্যক্রমের নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে। হামলার পর ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং গোয়েন্দা তথ্য যাচাইয়ের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।