
বাংলাদেশ সরকার ইরানে হামলার ঘটনা অ মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। একই সাথে উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের হামলার নিন্দাও জানিয়েছে বাংলাদেশ।
রোববার (১ মার্চ) বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইরানে ঘটে যাওয়া হামলার প্রেক্ষিতে দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে দেশটি গভীরভাবে উদ্বিগ্ন। “এ ধরনের শত্রুতা অব্যাহত থাকলে তা শুধুমাত্র আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে হুমকির মুখে ফেলবে। সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতবিরোধ নিরসনে কূটনৈতিক আলোচনা চালানোর আহ্বান জানানো হলো,” উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনেরও নিন্দা জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, দ্রুততম সময়ে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরায় বজায় আসবে।