
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি-কে ফোন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (২ মার্চ) অনুষ্ঠিত এই ফোনালাপে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কাতারের ভূখণ্ডে ইরানের হামলা কোনও অজুহাতে মেনে নেওয়া যায় না।” তিনি এ হামলাকে কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি জাতিসংঘের সনদের স্পষ্ট অবমাননা হিসেবে অভিহিত করেন।
উভয়পক্ষ এ অঞ্চলে সামরিক উত্তেজনার বৃদ্ধি এবং তা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর যে প্রভাব ফেলছে, তা নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি শান্তিপূর্ণ উপায়ে সব বিরোধ সমাধানের সম্ভাব্য পথও পর্যালোচনা করা হয়।
কাতারের প্রতিমন্ত্রী জোর দেন, “ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কাতারের ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করা জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন, যা ভালো প্রতিবেশীত্বের নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এটি কোনও অজুহাতে মেনে নেওয়া যায় না।”
তিনি আরও উল্লেখ করেন, কাতার সবসময় আঞ্চলিক সংঘাত থেকে দূরে থাকার চেষ্টা করেছে এবং ইরানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সংলাপ সহজতর করার উদ্যোগ নিয়েছে। তাই এই হামলা দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি এবং বোঝাপড়াকে হুমকির মুখে ফেলে।
ফোনালাপে কাতার প্রতিনিধি অবিলম্বে উত্তেজনা কমানো, সংলাপে ফিরে আসা এবং যুক্তি ও প্রজ্ঞার প্রাধান্য দিয়ে আঞ্চলিক নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।