
আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতরকে সামনে রেখে ছুটির তালিকায় নতুন সংযোজন করেছে সরকার। আগামী ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগে নির্ধারিত ছুটির মধ্যেই এই অতিরিক্ত ছুটি যুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যবণ্টন সম্পর্কিত ‘কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬’-এর তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া ক্ষমতাবলে নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।
এসব জরুরি সেবার মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ, হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন। এছাড়া জরুরি দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দপ্তরগুলোও খোলা থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।