
কূটনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আনল সরকার। যুক্তরাজ্য ও মেক্সিকোসহ পাঁচ দেশে দায়িত্ব পালন করা বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।
রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে দায়িত্ব পালন করা বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার—ড. এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল আনসারী এবং ড. মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের ক্ষেত্রেও।
মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ‘একটি সুখবর আছে’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, লন্ডনে দায়িত্বে থাকা বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে দেশে প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, “যে হাইকমিশনার বিভেদমূলক আচরণ করে কমিটিকে (লন্ডনের বাংলাদেশ কমিউনিটির কমিটি) বিভক্ত করে রেখেছ, যে আওয়ামীকরণ করেছে হাইকমিশনকে, আওয়ামী লীগের ধান্দায় চলছে, কমিটির ধান্দা নাই, বাংলাদেশের স্বার্থ দেখে না, এই হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।”