
দেশে নৈতিক শিক্ষার অবনতি রোধে প্রাথমিক পর্যায়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে তিনি এ তথ্য জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, "শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষকই থাকবে।" তিনি আরও জানান, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়মের আওতায় আনার বিষয়েও একটি কমিটি গঠন করা হয়েছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের লিখিত জবাবে এহছানুল হক বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করবে। বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বর্তমান সরকার ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করছে।
অন্য একটি প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন করবে এবং পুরনো আবেদনপত্রগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।
এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।