
ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ততার মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই সচিবালয়ে ফের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সকাল থেকেই দাপ্তরিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে সরকার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল, যাতে দেশব্যাপী উৎসবটি নির্বিঘ্নে উদযাপন করা যায়।