
বিশ্বনেতাদের সমাবেশের ফাঁকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ—ওয়াশিংটনে মার্কিন বিশেষ দূতের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) ওয়াশিংটন, ডি.সি.–তে মার্কিন পররাষ্ট্র দপ্তর–এ অনুষ্ঠিত “Fostering the Future Together: Global Coalition Summit”–এর সাইডলাইনে এই বৈঠক হয়। এতে তিনি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডার–এর সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকে ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন, শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে টেকসই অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে পরিবারভিত্তিক সহায়তা কার্যক্রম, শিশুদের পুষ্টি ও মানসিক বিকাশ, এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
হোয়াইট হাউস–এর উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সম্মেলনে বিশ্বের ৪৫টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সহধর্মিণী, ফার্স্ট লেডি, ফার্স্ট জেন্টেলম্যান এবং সমপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
এই সফরে ডা. জুবাইদা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়–এর মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, প্রধানমন্ত্রীর সিনিয়র চিকিৎসা কর্মকর্তা ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, নারী উদ্যোক্তা মেহনাজ মান্নান এবং যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন ডি. এম. সালাহউদ্দিন মাহমুদ।