
রাজধানী ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা কমে গরমের তীব্রতা হ্রাস পেতে পারে।
শনিবার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ। গতকাল শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।