
দেশের শিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্ব দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এক শোকবার্তায় তিনি জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষা ক্ষেত্রে মরহুমা দিলারা হাফিজের অসামান্য অবদানের কথা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলারা হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
ব্যক্তিগত জীবনে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন সময়ে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।