
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস।
রোববার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছালে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। এর আগেই দুপুর আড়াইটা থেকে সমর্থকরা কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। বিকাল সাড়ে ৪টার পর নয়া পল্টন এলাকার সড়ক পুরোপুরি ভরে যায় এবং ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’ স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
প্রধানমন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত করেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। তিনি জানান, কার্যালয়ে প্রবেশের পর তারেক রহমান সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে চেয়ারম্যানের কক্ষে যান।
সেখানে তিনি দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইসচেয়ারম্যান নুরুল আমিন মনিসহ অন্যান্য শীর্ষ নেতারা।