
হজ ব্যবস্থাপনা কার্যক্রম আরও সুসংগঠিত করতে নির্বাহী কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রোববার জারি করা প্রজ্ঞাপনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ-কে কমিটির সভাপতি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির।
কমিটিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়-এর মন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট সংস্থার প্রধানদের সদস্য করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন, হজ প্যাকেজ অনুমোদন এবং জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখবে।
এতে আরও বলা হয়, কমিটির সভাপতি সভায় সভাপতিত্ব করবেন। প্রয়োজনে তার মনোনীত সদস্যও সভা পরিচালনা করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন এবং সদস্য কো-অপ্ট করার সুযোগও রাখা হয়েছে।
কমিটির সাচিবিক সহায়তা দেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে এ সংক্রান্ত ২ অক্টোবর ২০২৪ সালের পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।