
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি তেলের মজুত বাড়াতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলেও সরকার আগাম প্রস্তুতি হিসেবে মজুত বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, ভারত, রাশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে। পাশাপাশি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও তেল আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশে বর্তমানে প্রায় এক মাসের জ্বালানি মজুত রয়েছে। এই মজুত আরও বাড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে।
এ সময় তিনি আরও জানান, কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরি করার যেকোনো চেষ্টা প্রতিরোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।