
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশ এখন জনগণের মালিকানা ও প্রত্যাশার পথেই প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার(৩১ মার্চ) বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের ২১তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস নানাবিধ উত্থান-পতন ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়েছে। মাঝপথে আসা সকল বাধা-বিপত্তি দেশের মানুষ দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে সফলভাবে অতিক্রম করেছে। ‘অবাধ জাতীয় নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার গঠনের ফলে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত দেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নের পথ সুগম হয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইতিহাস নানাবিধ উত্থান-পতন ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলছে। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা আদায় করি যে, অনেক বাধার মধ্য দিয়ে হলেও শেষ পর্যন্ত মানুষের জয় হয়েছে অনিবার্যভাবে।’
তিনি আরও বলেন, গত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশ যে ধারায় ফিরেছে, সেখানে জনগণের মালিকানাই মুখ্য। মাঝপথে আসা সকল বাধা-বিপত্তিকে এদেশের মানুষ তাদের দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে সফলভাবে দূর করেছে।
বাংলাভিশনের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘২১ বছরে পদার্পণ করা বাংলাভিশন জন্মের পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে মানুষের পাশে ছিল। বাকি সময়ও তারা একইভাবে মানুষের পাশে থাকবে— এটাই জনগণের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা।’
জহির উদ্দিন স্বপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাভিশন পরিবার ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বাসস