
দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় তেজগাঁও কার্যালয়ে শুরু হওয়া বৈঠক দুপুর আড়াইটার দিকে শেষ হয়।
বৈঠকে দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন ডিবিএল গ্রুপের এম এ জব্বার, অ্যাপেক্স ফুটওয়্যারের সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের আহসান খান চৌধুরী, প্যাসিফিক জিন্স গ্রুপের সৈয়দ মোহাম্মদ তানভীর, বে গ্রুপের জিয়াউর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের হাফিজুর রহমান খান, রাংগস গ্রুপের সোহানা রউফ চৌধুরী এবং এসিআইয়ের আরিফ দৌলা।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ, ব্যবসায়িক পরিবেশ এবং বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়েছে। কিছু সমস্যা সরাসরি সমাধান করা হয়েছে, বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের কাছ থেকে বিনিয়োগের বাধা কোথায় তা শুনেছেন এবং শিগগিরই এগুলো সমাধান করতে চাইছেন।
বৈঠকে বিশেষভাবে বন্ধ কল-কারখানা পুনরায় চালু করা, সরকারি বন্ধ প্রকল্প পুনঃসক্রিয় করা এবং নতুন বিনিয়োগবান্ধব পরিবেশ গঠন নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী আরও জানান, মাল্টিলেটারাল সংস্থা থেকেও সহায়তা পাওয়া যাচ্ছে।
ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী সকাল পৌনে ১১টায় অফিসে উপস্থিত ছিলেন এবং সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক দেশের ব্যবসায়িক ও বিনিয়োগ পরিবেশকে আরও উৎসাহিত করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে।