
দ্বিপাক্ষিক সম্পর্ক ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ বার্তা এলো ঢাকার বৈঠক থেকে—প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় প্রণয় ভার্মা।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির জানান, আলোচনায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া এবং দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাই সরকারের লক্ষ্য। তার মতে, পারস্পরিক ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে অনেক সমস্যার সমাধান সহজ হবে।
হুমায়ন কবির আরও বলেন, “শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ।”
এদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আসন্ন ভারত সফর নিয়েও কথা বলেন তিনি। জানান, ইন্ডিয়ান ওশান সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তিনি ভারত যাচ্ছেন। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু, বিশেষ করে সীমান্তে হত্যাকাণ্ডসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসবে বলেও উল্লেখ করেন হুমায়ন কবির।