
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে South Asia Cooperative Environment Programme (SACEP)-এর মহাপরিচালক Norbu Wangchuk আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সদস্যভুক্ত দেশগুলোর বায়ু দূষণ ও পানি দূষণ রোধ, প্লাস্টিক কমানো, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বর্জ্য ব্যবস্থাপনা, ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্ত্রী SACEP-এর সঙ্গে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণের বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি আরো বলেন, সরকার বায়ুদূষণ, পানি দূষণ, শব্দদূষণ, সামুদ্রিক দূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকারের ইশতেহার অনুযায়ী বছরে ৫ কোটি করে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। এক্ষেত্রে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।
SACEP-ভুক্ত দেশগুলোতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন SACEP--এর মহাপরিচালক।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।