
প্রশাসনিক গতিশীলতা বাড়াতে পুলিশ বাহিনীতে একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ রদবদলের নির্দেশনা জারি হয়।
অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে ওই শাখায় কর্মরত অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটেও দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) তেজগাঁও বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহানকে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে।
একই আদেশে অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) পশ্চিম বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পিএমও পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত উপকমিশনার অরিত সরকারকে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং দাপ্তরিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই পদায়ন ও বদলির উদ্যোগ নেওয়া হয়েছে।