
বিসিএস ক্যাডার নিয়োগে অনিয়ম ও দলীয় প্রভাবের অভিযোগ ঘিরে শুরু হয়েছে অনুসন্ধান—সরকারি পর্যায়ে বিষয়টি নিয়ে তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এমন তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ নিয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত কার্যক্রম চালাচ্ছে। তদন্ত শেষ হলে এবং সুপারিশ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে তিনি আরও জানান, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।