
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ইরান সরকার—যা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
তুরস্কের আনতালিয়া ডিপ্লোমাসি ফোরামের পার্শ্ব বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর মধ্যে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে খলিলুর রহমান হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন। তিনি স্মরণ করিয়ে দেন, হরমুজ প্রণালি পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য এর আগে ইরানকে বাংলাদেশ সরকার ও জনগণ কৃতজ্ঞতা জানিয়েছিল।
এর প্রেক্ষিতে সাঈদ খাতিবজাদেহ তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন এবং পরে রোববার রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে উপসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা ও দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। খলিলুর রহমান মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলায় বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, আঞ্চলিক শান্তি রক্ষায় সব পক্ষকে সংযম দেখাতে হবে এবং মতপার্থক্য নিরসনে সংলাপ ও কূটনীতিকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের এ অবস্থানের প্রশংসা করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুবিধাজনক সময়ে তেহরান সফরের আমন্ত্রণ জানান।
বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে বিভিন্ন দেশের জাহাজে হামলার ঘটনায় এই রুট নিয়ে উদ্বেগ বাড়ছিল।
ইরানের এই নতুন নির্দেশনার ফলে ‘বাংলার জয়যাত্রা’সহ অন্যান্য বাংলাদেশি জাহাজের চলাচল আরও নিরাপদ ও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।