.png)
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাঞ্চ ও নাস্তার জন্য প্রতি ব্যক্তির বাজেট বর্তমানে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে একই খাতে ৫০০ টাকা পর্যন্ত বরাদ্দ ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ব্যয় সাশ্রয় ও সরকারি খরচ কমানোর অংশ হিসেবে আপ্যায়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। আগের তুলনায় এখন প্রতি ব্যক্তিতে ৩৫০ টাকা কম ব্যয়ে খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
ওই বৈঠকটি দুপুরে অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত গণমাধ্যম মালিকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। তবে সীমিত বাজেটের মধ্যেই আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বৈঠকে নোয়াব নেতারা সংবাদপত্র শিল্পের সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন। পাশাপাশি প্রতি তিন মাস অন্তর এমন বৈঠক আয়োজনের প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলেও জানানো হয়।