
বাস, ট্রাকসহ সড়ক পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আজকের বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ হয়নি। বিষয়টি নিয়ে আরও আলোচনা শেষে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো এবং ডলারের দাম বৃদ্ধির কারণে খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয় অনেক বেড়েছে। তাই দ্রুত বাস্তবসম্মত ও যৌক্তিক ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন পরিবহন নেতারা।
এর আগে গত রোববার বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া বাড়ানোর একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, যা মন্ত্রণালয় চূড়ান্ত করবে।
গত শনিবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করে, যা রোববার থেকে কার্যকর হয়েছে। নতুন দরে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। এছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দামও বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।