
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিএনপি সরকার জনগণের সরকার হিসেবে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চায়। তিনি জানান, ভোট দিয়েছে কি দেয়নি—এ ধরনের বিভাজনে না গিয়ে ১৭ কোটি মানুষের সেবায় সরকার কাজ করছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ফরিদপুর-২ আসনের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “নির্বাচনের পর থানায় যে মামলাগুলো হচ্ছে, সেগুলো নিজেদের মধ্যে মারামারির মামলা। এখন আর কোনো রাজনৈতিক মামলা হচ্ছে না। প্রতিহিংসাবশত কারও বিরুদ্ধে রাজনৈতিক মামলা এই মাটিতে হবে না।”
সালথায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পুলিশ প্রশাসন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। কিন্তু কেউ যদি সহিংসতায় জড়ায় বা পুলিশের ওপর হামলা করে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সহিংসতায় জড়িত ব্যক্তি কোনো দলের হলেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। “কেউ ছাড় পাবে না,” যোগ করেন তিনি।
খাল খনন কর্মসূচি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে নদী-খাল অবহেলায় শুকিয়ে গেছে, যা কৃষি উৎপাদনে প্রভাব ফেলেছে। নতুন সরকারের পরিকল্পনায় ধাপে ধাপে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, এ উদ্যোগ কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে রাস্তাঘাট, কালভার্ট ও ব্রিজসহ অবকাঠামোগত উন্নয়নেও কাজ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দীন। উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, সালথা থানার ওসি বাবলুর রহমান খান এবং স্থানীয় বিএনপি নেতারা।