
বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ।
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে গ্রেড-১ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই পদে যোগদানের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। যোগদানের দিন থেকেই তার নিয়োগ কার্যকর হবে।
এছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।
বর্তমানে সৈয়দ আবদাল আহমদ দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় প্রেসক্লাবের দুই মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।