
ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ চালুর ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতি মাসের প্রথম শনিবার নগরজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও মশার প্রজননস্থল ধ্বংস কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৯ মে থেকে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
সোমবার (৪ মে) নগর ভবনের সম্মেলনকক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে শহরকে পরিচ্ছন্ন রাখার কার্যক্রম আরও জোরদার করা হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি এলাকার সব সরকারি প্রতিষ্ঠান, আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ ও মাদরাসা, রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তিমালিকানাধীন প্লটগুলোতে নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে মশার জন্মস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় কীটনাশকের মান, প্রয়োগ পদ্ধতি, নিয়মিত তদারকি এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশাসক বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা এবং পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে এবং এই কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা মেডিকেল কলেজ, বর্ডার গার্ড বাংলাদেশ, ইসলামিক ফাউন্ডেশন, রাজউক, বাংলাদেশ রেলওয়ে, রিহ্যাব, শিক্ষা অধিদপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।