
যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো বাণিজ্যিক বা পারস্পরিক চুক্তিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেছে সরকার। একই সঙ্গে বাংলাদেশি পণ্যের জন্য মার্কিন বাজার আরও সম্প্রসারণে কাজ করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বুধবার (৬ মে) সচিবালয়ে ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বাধীন মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকার সবসময় দেশের অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়াতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে।
তিনি জানান, বৈঠকে পণ্যের বহুমুখীকরণ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বাড়াতে দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোনো একক নির্ভরশীল সম্পর্কের পক্ষে নয়, বরং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সম্পর্ককে গুরুত্ব দেয়। সে কারণেই রপ্তানি সম্প্রসারণ ও নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।