
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের স্কুল-কলেজ ও মাদ্রাসায় দীর্ঘ ছুটির সূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল ও কলেজে টানা ১৬ দিনের ছুটি এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি থাকছে।
মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার (৭ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিশেষ সিদ্ধান্ত হিসেবে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে ওই দিন সব সরকারি কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে।
তবে সরকারি অফিসের ছুটির পরিবর্তন হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময়সূচিতে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। এর আগে ও পরে শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় মোট ছুটি দাঁড়াবে টানা ১৬ দিনে।
কলেজ পর্যায়ে ঈদের মূল ছুটি নির্ধারণ করা হয়েছে ১২ দিন। সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ার ফলে কলেজ শিক্ষার্থীরাও মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং শেষ হবে ১১ জুন। এর সঙ্গে আগের ও পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মাদ্রাসাগুলোতে মোট ২১ দিনের দীর্ঘ ছুটি কার্যকর হবে।