
কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা, চালু হচ্ছে হটলাইনও বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোরবানিকে ঘিরে চাঁদাবাজির তথ্য সরকারের কাছে রয়েছে। এগুলো বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।
মঙ্গলবার (১২ মে) পবিত্র ঈদুল আজহার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা জানান।
সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ঈদের সার্বিক নিরাপত্তা ও পশুর হাটের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নাম্বারটি ব্যবহার করতে হবে। ভুক্তভোগীদের এই নাম্বারে ফোন দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদুল আজহার আগের এবং পরের সাতদিন পুলিশ হেডকোয়ার্টারে বিশেষ মনিটরিং সেল কাজ করবে। পশুর হাটের সংখ্যা উল্লেখ করে তিনি জানান, এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে।
কোরবানির পশুর চামড়া সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ইতোমধ্যে ২০ কোটি টাকা বরাদ্দ করেছে। পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বুথ স্থাপন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে ভারতের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। একইসঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের ছুটির আগেই সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হবে। এ বিষয়ে বিজিএমইএ এবং বিকেএমইএ-র নেতৃবৃন্দ একমত হয়েছেন। শ্রমিকদের পাওনা পরিশোধে যেন কোনো ধরনের অসন্তোষ তৈরি না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।