
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাকে আদালতে হাজির করা হলে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।
রোববার (১৭ মে) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দণ্ডাদেশ কার্যকরের স্বার্থে হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যাকে কেন্দ্র করে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই মামলায় প্রধান আসামি হিসেবে বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার রায়ে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতায় আবু সাঈদ হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। রায় ঘোষণার পর থেকেই হাসিবুর রশিদ আত্মগোপনে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।