
বাংলাদেশ থেকে চলতি বছর আরও ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি।
রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানায় কোম্পানিটির প্রতিনিধিদল।
প্রতিনিধিদল জানায়, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রম ও দক্ষতায় সন্তুষ্ট হওয়ায় ভবিষ্যতেও তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দিতে চায় প্রতিষ্ঠানটি।
তারা আরও জানায়, সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) যোগ্য চালক বাছাইয়ের জন্য সাক্ষাৎকার কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ১ হাজার ৫০০ জন চালক নিয়োগ দেওয়া হলেও চলতি বছর মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নেওয়ার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতেও এ ধরনের কর্মী নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে। পুরো প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রী দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে চালকদের বেতন-ভাতার ব্যবস্থা করার আহ্বান জানান কোম্পানিটির প্রতি। পাশাপাশি চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগের বিষয়েও গুরুত্ব দেওয়ার অনুরোধ করেন।
এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বর্তমানে একজন বাংলাদেশি ড্রাইভারের দুবাই যেতে অনেক টাকা খরচ হয়। অধিকাংশ কর্মী দরিদ্র হওয়ায় তাদের ঋণ নিয়ে বিদেশ যেতে হয়। তাই অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার আহ্বান জানান তিনি।