
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে একটি বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘ ২৮ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন এবং অত্যন্ত দক্ষ পেশাদার কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রশীদকে ‘পরিচালক’ পদে উন্নীত করে নতুন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার (১৮ মে) বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের আনুষ্ঠানিক সম্মতি ও অনুমোদনক্রমে এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তর থেকে দেওয়া ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইতিপূর্বে মহাব্যবস্থাপক (জিএম) এবং ভারপ্রাপ্ত পরিচালকের পদে সুনামের সাথে দায়িত্ব সামলানো মিজানুর রশীদকে (পি-৩৬৩৩৯) পদোন্নতি দিয়ে এখন থেকে পূর্ণাঙ্গ পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে নিযুক্ত করা হয়েছে। এভিয়েশন খাতের সংশ্লিষ্টরা ধারণা করছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিমান খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবেই তার মতো একজন দক্ষ কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
মোহাম্মদ মিজানুর রশীদ দেশের এভিয়েশন অঙ্গনে একটি অত্যন্ত সুপরিচিত নাম। বিমানের অপারেশন, অভ্যন্তরীণ প্রশাসন এবং আর্থিক ব্যবস্থাপনায় দীর্ঘকাল ধরে কাজ করার এক অনন্য অভিজ্ঞতা ও সমন্বিত দক্ষতা রয়েছে তার। একাডেমিক দিক থেকেও তিনি বেশ সমৃদ্ধ; ফ্রান্স থেকে এভিয়েশন বিষয়ের ওপর উচ্চতর এমবিএ ডিগ্রি লাভ করেছেন তিনি। এর পাশাপাশি দেশের একমাত্র এভিয়েশন বিশ্ববিদ্যালয়েও তিনি খণ্ডকালীন শিক্ষক (ভিজিটিং ফ্যাকাল্টি) হিসেবে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। বিশেষজ্ঞদের ধারণা, তার এই উচ্চশিক্ষা এবং দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা বিমানকে একটি আধুনিক ও টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দিতে বড় ভূমিকা রাখবে।
অর্থনৈতিক বিশ্লেষক ও এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে তীব্র আর্থিক সংকট এবং অভ্যন্তরীণ পরিচালনাসংক্রান্ত নানামুখী জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। এমন একটি নাজুক সময়ে মিজানুর রশীদের মতো একজন পোড়খাওয়া ও অভিজ্ঞ কর্মকর্তার হাতে শীর্ষ দায়িত্ব আসায় বিমানের প্রশাসনিক স্তরে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনা অনেক বেশি সহজ হবে।
বিমানের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এভিয়েশন খাতের বোদ্ধারা আশা প্রকাশ করছেন যে, মিজানুর রশীদের এই নতুন ও গতিশীল নেতৃত্ব রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে একটি লাভজনক অবস্থানে উন্নীত করবে এবং এর হারিয়ে যাওয়া গণআস্থা পুনরুত্থানে সক্ষম হবে।