
দেশে নতুন ডিজাইন ও বৈশিষ্ট্য সংযোজন করে পাঁচ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোট চালু করা হয়েছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক এই সিরিজের নোট মঙ্গলবার (১৯ মে) থেকে বাজারে ছাড়া শুরু হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন নকশার এই পাঁচ টাকার নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এটি বিতরণ করা হবে।
নতুন নোটের সম্মুখভাগের বাম পাশে ঢাকার তারা মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলার প্রতিচ্ছবি রাখা হয়েছে। পেছনের অংশে গ্রাফিতি-২০২৪-এর চিত্র মুদ্রিত রয়েছে।
নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিমি × ৬০ মিমি। এতে স্বাক্ষর রয়েছে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের।
নিরাপত্তা বৈশিষ্ট্যের অংশ হিসেবে নোটে জলছাপে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ এবং তার নিচে ইলেকট্রোটাইপ ‘৫’ চিহ্ন। পাশাপাশি রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম।
নোটে হালকা গোলাপি রঙের আধিক্য রাখা হয়েছে। বাম পাশে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা ব্যবহার করা হয়েছে, যা আলোতে ধরলে উভয় দিক থেকে দেখা যায়। এছাড়া নোটের বিভিন্ন অংশে মাইক্রো প্রিন্টিং হিসেবে ‘BANGLADESH’ লেখা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।
এছাড়া সংগ্রাহকদের জন্য পাঁচ টাকার নমুনা (স্পেসিমেন) নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। এসব নোট বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।