
আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ঈদযাত্রায় কোনো ধরনের অব্যবস্থাপনা বা দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেই এর জবাবদিহি করতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নৌ প্রতিমন্ত্রী বলেন, অতীতে অনেক সময় দেখা গেছে, কোনো অব্যবস্থাপনা বা ব্যর্থতার দায় নিচের স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপিয়ে মূল দায়িত্বপ্রাপ্তরা পার পেয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে এবার সেই সুযোগ আর থাকছে না।
“এখন থেকে যে প্রতিষ্ঠানে যিনি প্রধান দায়িত্বে থাকবেন, সেখানে কোনো ধরনের অব্যবস্থাপনা, দুর্ঘটনা কিংবা জটিলতা তৈরি হলে সবার আগে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, ঘটনার পেছনের প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মো. রাজিব আহসান আরও বলেন, ঘরমুখো মানুষ যাতে অত্যন্ত নির্বিঘ্নে প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারেন এবং ঈদ উদ্যাপন শেষে আবার নিরাপদে কর্মস্থলে ফিরতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। উৎসবের এই সময়ে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতিমধ্যেই প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘাট পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ নৌপরিবহন মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।