
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে কামরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁর এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কামরুল ইসলামকে জাতীয় বেতন স্কেলের গ্রেড-৬ অনুযায়ী চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের শর্তানুসারে, তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
এই নিয়োগের মেয়াদকাল প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) নির্ধারিত হবে। যোগদানের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নতুন নিয়োগ পাওয়া প্রটোকল অফিসার কামরুল ইসলামের পৈতৃক নিবাস ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। সরকারের গুরুত্বপূর্ণ এই পদে তাঁর নিয়োগ পাওয়ায় সামাজিক ও রাজনৈতিক মহলে তাঁকে অভিনন্দন জানানো হচ্ছে।
প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচি ও রাষ্ট্রীয় প্রটোকল সংক্রান্ত বিষয়াদি ব্যবস্থাপনায় তিনি সরাসরি দায়িত্ব পালন করবেন।