
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারের জন্য ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী আইনজীবী শিশির মনির।
রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আলোচনার ভিত্তিতেই প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে আগে ঘোষিত অন্যান্য সুবিধাও বহাল থাকবে।
এর আগে শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষাসুবিধা এবং চাকরির সুযোগ দেওয়ার ঘোষণা দেয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভুক্তভোগী পরিবারের সদস্যরা আদ্-দ্বীন হাসপাতাল এবং এর অধীনস্থ প্রতিষ্ঠানে আজীবন চিকিৎসাসেবা পাবেন। ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসা বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগও থাকবে।
শিক্ষাসুবিধার আওতায় পরিবারের সদস্যরা আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ার সুযোগ পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি বা টিউশন ফি মওকুফের ব্যবস্থাও রাখা হবে বলে জানানো হয়েছে।
শিশির মনির বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সমাধানে পৌঁছানো হয়েছে এবং তাদের দীর্ঘমেয়াদে সহায়তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।