
দেশের আটটি অঞ্চলে আজকের মধ্যেই বজ্রসহ তীব্র কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল থাকার আশঙ্কায় এসব অঞ্চলের নৌযান ও নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কবার্তা মেনে চলতে বলা হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে আঘাত হানতে পারে ঝড়। এ সময় অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। উদ্ভূত পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।