.webp)
বাংলাদেশে মদপানের জন্য লাইসেন্স বাধ্যতামূলক হওয়ার বিধান নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। একই সঙ্গে তিনি মাদক নিয়ন্ত্রণ আইন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নিজের মতামত তুলে ধরেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব বক্তব্য দেন।
লাইসেন্স ব্যবস্থার প্রসঙ্গ টেনে শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, “গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতে লাইসেন্স লাগে, দোকান চালাইতেও লাইসেন্স লাগে। এখন শুনি মদ খাইতেও নাকি লাইসেন্স লাগে। এটা কোন দেশের আইন আমি জানি না।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রসঙ্গে তিনি বলেন, মদকে মাদকের সঙ্গে কীভাবে বিবেচনা করা হয়, সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “মাদক আর মদ, এটা মেলানো দরকার। কারণ পুলিশ একটা ব্যবসা পাইছে। এক বোতল মদ পাইলে মানুষকে মামলা দেয়।”
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তার মতে, পরিস্থিতি সন্তোষজনক নয় এবং তা মোকাবিলায় পুলিশের সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় থানাগুলোতে টহল গাড়ির ঘাটতি রয়েছে। পর্যাপ্ত টহল ব্যবস্থা না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ মুজিবুর রহমান ইকবাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা বাড়াতে বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান।