
২০২৪-২৫ অর্থবছরে জাতীয় যাকাত তহবিলে সর্বোচ্চ অর্থ সংগ্রহের স্বীকৃতি পেয়েছেন চট্টগ্রামের সাবেক ও বর্তমানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে পরিচালিত উদ্যোগের ভিত্তিতেই তাকে দেশের সেরা যাকাত সংগ্রহকারী জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যাকাত তহবিল বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, দেশের বিভিন্ন জেলার যাকাত সংগ্রহের তথ্য পর্যালোচনা করে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী জেলা প্রশাসক হিসেবে ফরিদা খানমকে নির্বাচন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক প্রচার, সমন্বয় সভা এবং যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালিত হয়। এসব কার্যক্রমের ফলে যাকাত তহবিলে মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পায় এবং সংগ্রহের পরিমাণও উল্লেখযোগ্য হারে বাড়ে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যাকাত তহবিল বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ স্বীকৃতি ঘোষণা করা হয়।
এ অর্জনের প্রতিক্রিয়ায় ফরিদা খানম বলেন, ‘সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে যাকাত তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ তিনি মনে করেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যাকাতের অর্থ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
ফরিদা খানম আরও বলেন, এ স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। মানুষের কল্যাণে কাজ করাই প্রশাসনের মূল লক্ষ্য এবং জনসেবামূলক কার্যক্রমে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।