সংসদ অধিবেশন পর্যবেক্ষণে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
রোববার (২৮ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এদিন সংসদ ভবন পরিদর্শনে অংশ নেওয়া কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণস্বাক্ষরতা অভিযানের সহযোগী প্রতিষ্ঠান ‘সুরভী’র ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন প্রতিনিধি মধ্যাহ্নভোজে অংশ নেন।
মধ্যাহ্নভোজের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
সরকারপ্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এর আগে সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে তারা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন এবং অধিবেশন কক্ষে বসে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।