
মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) পাঠানো এক চিঠিতে তিনি ট্রাম্প ও মার্কিন জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। বিষয়টি জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।
চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতেও আরও সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।
তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ২৫০ বছর পূর্তি শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং স্বাধীনতা, গণতন্ত্র, মূল্যবোধ, ত্যাগ ও মানবিক আদর্শের এক অনন্য উদযাপন, যা বিশ্বের মানুষের জন্যও অনুপ্রেরণার উৎস।
চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র দেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ বন্ধু ও অংশীদার। গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং মানুষে-মানুষে যোগাযোগের মাধ্যমে আরও শক্তিশালী ও বহুমাত্রিক হয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মধ্য দিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা ও উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
চিঠিতে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
শেষে প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য এবং যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন তিনি।