
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জরুরি সেবা কার্যক্রম নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) থেকে আপাতত বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অধিকাংশ সংশোধন আবেদন এখন সংশ্লিষ্ট উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকেই নিষ্পত্তি করা হবে।
সোমবার (৬ জুলাই) ইসির এনআইডি শাখার পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির জাতীয় পরিচয়পত্র সংশোধনসংক্রান্ত সব জরুরি সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এ ছাড়া যেসব আবেদন অনলাইনে জমা দেওয়ার সুযোগ রয়েছে, সেগুলোর হার্ডকপি আর গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘ক’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা।
এ ছাড়া ‘খ-১’ ক্যাটাগরির আবেদন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ’ ক্যাটাগরির আবেদন জেলা নির্বাচন কর্মকর্তা, ‘গ-১’ ক্যাটাগরির আবেদন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ‘গ’ ক্যাটাগরির আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।
এর আগে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকেই ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরির এনআইডি সংশোধনের জরুরি আবেদন দ্রুত নিষ্পত্তি করা হতো। নতুন সিদ্ধান্তের ফলে এসব আবেদন সংশ্লিষ্ট মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে নিষ্পত্তি হবে।