
মাদ্রাসা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং অসংক্রামক রোগ প্রতিরোধে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে দেশের সব মাদ্রাসায় নিয়মিত খেলাধুলা, পিটি-প্যারেড এবং দ্রুত সময়ের মধ্যে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত দুটি পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ২ জুলাই অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা জারি করা হয়েছে।
একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুন মাসের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ইবতেদায়ি ও দাখিল স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যত দ্রুত সম্ভব ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান এবং পরিচালনা কমিটির সদস্যদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের অসংক্রামক রোগ প্রতিরোধ এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য দেশের সব পর্যায়ের মাদ্রাসায় নিয়মিত খেলাধুলা ও পিটি-প্যারেড পরিচালনা করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব মাদ্রাসায় শরীরচর্চার শিক্ষক রয়েছেন, সেখানে নিয়মিত পিটি-প্যারেড পরিচালনা নিশ্চিত করতে হবে। আর যেসব প্রতিষ্ঠানে এ ধরনের শিক্ষক নেই, সেখানে ‘মাদ্রাসা স্কিম’-এর আওতায় একজন নবীন শিক্ষককে এক থেকে দুই মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তিনি এ দায়িত্ব পালন করতে পারেন।
এ ছাড়া মাদ্রাসাগুলোতে অনুষ্ঠিত খেলাধুলা ও পিটি-প্যারেডের ছবি নিয়মিত ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করারও নির্দেশ দিয়েছে বোর্ড।
বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ নির্দেশনার অনুলিপি দেশের সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।