
মাত্র ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ১৭ রান তুলতেই তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। সেই বিপর্যয় সামাল দিতে চতুর্থ উইকেটে ৪৯ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান।
তবে দলকে এগিয়ে নেওয়ার পথে ব্যক্তিগত ২৫ রানে থামেন হৃদয়। ৫৮ বল মোকাবিলা করে এই রান করার পর তিনি আউট হলে ক্রিজে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। শুরুতেই বড় শট খেলতে গিয়ে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। তার ইনিংসটি আসে ৭ বলে।
২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৭৪ রান। জয়ের জন্য এখনো ২৯ ওভারে প্রয়োজন ৬৮ রান।
এর আগে লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। একটি চার মেরে ৬ বলে ৮ রান করেন তিনি। অন্য ওপেনার সৌম্য সরকারও ব্যর্থ হন। ১০ বলে ৬ রান করে বিদায় নেন তিনি।
দুই ওপেনারের বিদায়ের পর দায়িত্ব ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাঁধে। তবে তিনিও প্রত্যাশা পূরণ করতে পারেননি। মাত্র ৭ বলে ৩ রান করে আউট হয়ে দলের চাপ আরও বাড়িয়ে দেন।