
বিশ্বকাপে নিজের দীর্ঘ অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে পর্তুগালের অধিনায়ক নিশ্চিত করেছেন, ২০২৬ বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে জাতীয় দল থেকে কবে বিদায় নেবেন, সেই সিদ্ধান্ত নিজের সময়েই নেবেন বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (৬ জুলাই) স্পেনের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘আমি যখন চাইব তখনই অবসর নেব। সেটা অন্য কারও ইচ্ছায় নয়। এখন আমার পুরো মনোযোগ দলের জয় নিয়ে।’
একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, বর্তমান বিশ্বকাপই তার শেষ। রোনালদো বলেন, ‘বিশ্বকাপটা যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি। কারণ এটাই আমার শেষ বিশ্বকাপ। আশা করি, স্পেনের বিপক্ষে ম্যাচটাই আমার শেষ ম্যাচ হবে না।’
কয়েক দিন আগে রোনালদোর বোন ইঙ্গিত দিয়েছিলেন, চলতি বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানাতে পারেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তবে রোনালদো জানান, তিনি আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিতে চান না।
তিনি বলেন, ‘একদিন না একদিন তো বুটজোড়া খুলে রাখতেই হবে। কিন্তু আগামীকাল যা-ই ঘটুক, আমি নিজের সর্বোচ্চটা দিয়েই মাঠ ছাড়ব। ফুটবলকে আমি আমার সবকিছু দিয়েছি। এই খেলাটাকে ভালোবাসি বলেই এখনো খেলে যাচ্ছি। ভালোবাসা না থাকলে এত দূর আসা সম্ভব হতো না। এই বিশ্বকাপেও তিনটি গোল করেছি। খারাপ তো করছি না।’
চলতি আসরে এখন পর্যন্ত চার ম্যাচে তিন গোল করেছেন ৪১ বছর বয়সী রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে গোল না পাওয়ার দীর্ঘ আক্ষেপও ঘোচান।
বিশ্বকাপের পরবর্তী আসর ২০৩০ সালে বসবে পর্তুগাল, স্পেন ও মরক্কোর যৌথ আয়োজনে। সে সময় রোনালদোর বয়স হবে ৪৫ বছর। ওই আসরে খেললে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ড গড়তে পারতেন তিনি। তবে সেই সম্ভাবনার ইতি টেনে দিয়ে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে ২০২৬ আসরকেই বেছে নিলেন পর্তুগিজ মহাতারকা।
এদিকে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের বিপক্ষে দারুণ এক ব্যক্তিগত রেকর্ড নিয়েই মাঠে নামছেন রোনালদো। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এছাড়া ২০২৫ নেশনস কাপের ফাইনালেও একই প্রতিপক্ষের জালে গোল করেছিলেন। শেষ বিশ্বকাপের মঞ্চে সেই স্মৃতি আরও একবার রাঙানোর অপেক্ষায় রয়েছেন পর্তুগালের অধিনায়ক।