
ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে আবারও কঠোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তার দাবি, ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনার নেতৃত্ব দেওয়ার কারণেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের কোনো উদ্যোগ নিলে অন্য যেকোনো ইরানি নেতাকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, খামেনির বিরুদ্ধে ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা পরিচালনার অভিযোগ ছিল। তাই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হলে সংশ্লিষ্ট যেকোনো ইরানি নেতার বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন কাটজ।
ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৩-এর খবরে বলা হয়েছে, তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালি চলাকালে এসব মন্তব্য করেন ইসরায়েল কাটজ।
তিনি আরও বলেন, যেকোনো সময় এবং যেকোনো হুমকির মুখে নিজেদের রক্ষা করার জন্য ইসরায়েল পুরোপুরি প্রস্তুত।
এর আগে কাটজ ইরানের সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনিকেও ‘হত্যার লক্ষ্যবস্তু’ হিসেবে উল্লেখ করেছিলেন। ওই মন্তব্যের পর তেহরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখা। তিনি সতর্ক করে বলেন, ইরানের জনগণ কিংবা নেতৃত্বের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি এলে তার জবাব তাৎক্ষণিক ও কঠোরভাবে দেওয়া হবে।