
দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর নজরদারি নিশ্চিত করতে প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার গুণগত মান বাড়াতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা জরুরি।
সোমবার (৬ জুলাই) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ অনুষ্ঠিত ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গড়ে তুলতে হবে, যাতে সেখান থেকে যেকোনো সময় দেশের যেকোনো শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হয়। এ লক্ষ্যেই প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট এখনও অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। এ কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের অনেকেই সেগুলো ব্যবহার করতে চান না। তাই দেশের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন টয়লেট নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য হবে না।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার মান উন্নয়নের অন্যতম শর্ত হলো শিক্ষকতার মর্যাদা বৃদ্ধি। এজন্য শিক্ষা কাঠামো এমনভাবে সাজাতে হবে, যাতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে উৎসাহিত হন।
নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।